ডেস্ক | যশোর-
যশোরে নেশার টাকার জেরে ছামিনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজনের (২৬) বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত সুজন নিজ শরীরেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
সোমবার (৮ জুন) ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছামিনা আক্তার যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সুজন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গয়হাটা (শান্তিনগর) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা শেখহাটি তামালতলা এলাকায় ইমরাজের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্বজনরা জানান, নেশার টাকার বিষয় নিয়ে ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করেন সুজন।
স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছামিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন